ঢাকা

শিবপুরে অস্ত্র ও ইয়াবাসহ 'গডফাদার' দম্পতিসহ গ্রেফতার ৭

নরসিংদীর শিবপুরে বিশেষ অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ মাদক ও নগদ ১৫ লাখ টাকাসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ‘গডফাদার’ দম্পতিসহ সাতজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার কারারচর ও জাঙ্গাইলা এলাকায় এ অভিযান চালানো হয়।

 

অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন—উপজেলার কারারচর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন খোকা (৭০) ও তার স্ত্রী সেলিনা বেগম (৫০)। গ্রেফতার অন্য পাঁচজন হলেন—সম্পা (২৪), আলমগীর (৩৭), শামসুন নাহার (৫০), আজিজুল মিয়া (৩২) ও ফয়সাল মিয়া (২০)। তারা সবাই শিবপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

 

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টা ২৫ মিনিটের দিকে শিবপুর থানাধীন মদিনা জুট মিলস সংলগ্ন কারারচর ও জাঙ্গাইলা এলাকায় একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এসময় জামাল উদ্দিন খোকার আস্তানা থেকে একটি আগ্নেয়াস্ত্র, দুটি কার্তুজ, তিনটি পিস্তলের ম্যাগাজিন, ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১৫ লাখ ৪০ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

 

এছাড়া তল্লাশিকালে ১৭টি মোবাইল ফোন, দুটি সামুরাই, ছয় বোতল ফেনসিডিল, নয় বোতল বিদেশি মদ, দুটি ডামি (নকল) পিস্তল, দুটি রাম দা, একটি ল্যাপটপ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেফতার জামাল উদ্দিন খোকা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের নিয়ন্ত্রক বা গডফাদার হিসেবে পরিচিত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত আলামত যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 



সম্পর্কিত খবর