নরসিংদীর শিবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে হেনা বেগম নামের এক বিধবার বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার ধানুয়া উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ওই নারীর বসতঘরসহ আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে হেনা বেগমের ঘরে হঠাৎ আগুন লাগলে স্থানীয়রা নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে শিবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বসতঘরটি আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত হেনা বেগম জানান, বহু বছর আগে স্বামী মোগল মিয়া মারা যাওয়ার পর থেকে তিনি একাই এই ঘরে বসবাস করে আসছিলেন। অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে এখন তিনি নিঃস্ব। শিবপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এ বিষয়ে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, “অগ্নিকাণ্ডের খবর আমরা পেয়েছি। ক্ষতিগ্রস্ত ওই নারীকে সরকারিভাবে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হবে।”