ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের মহানায়ক শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামানের ৫৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় ‘শহীদ আসাদ দিবস’ পালিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে শহীদ আসাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীরা শহীদ আসাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে ভিড় করেন। এদিন সকালে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী ও শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ আসাদ কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আসাদের সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করে বলেন, তাঁর আত্মত্যাগই আইয়ুববিরোধী আন্দোলনকে চূড়ান্ত গণ-অভ্যুত্থানে রূপ দিয়েছিল। শহীদ আসাদের বড় ভাই চিকিৎসক নুরুজ্জামান এবং আসাদের ঘনিষ্ঠ সহযোগী তোফাজ্জল হোসেন আক্ষেপ প্রকাশ করে বলেন, "আসাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলেও তাঁর আজন্ম লালিত স্বপ্ন আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আসাদের ভাই মনিরুজ্জামান ও আবদুল মান্নান খানসহ জেলা ও উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।