বরিশাল

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ককে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা বিএনপির এক জরুরি সিদ্ধান্তে শনিবার (১৬ জানুয়ারি) তাকে এই অব্যাহতি প্রদান করা হয়।

 

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে (স্মারক নং: ZillaBNP/PTK/26-06) এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পত্রে উল্লেখ করা হয়, ইতিপূর্বে আব্দুল জব্বার মৃধাকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। তার দেওয়া লিখিত জবাব জেলা কমিটির কাছে সন্তোষজনক বা গ্রহণযোগ্য বিবেচিত না হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

অব্যাহতি পত্রে আরও বলা হয়, এই নির্দেশ অবিলম্বে কার্যকর করা হবে এবং তিনি বাউফল উপজেলা বিএনপির আহ্বায়কসহ দলের সকল পদ থেকে বিচ্যুত বলে গণ্য হবেন।

 

এদিকে অভিজ্ঞ এই নেতাকে অব্যাহতির ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য বলেন, "আব্দুল জব্বার মৃধা দীর্ঘ সময় দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে এমন সিদ্ধান্ত তৃণমূল পর্যায়ে প্রভাব ফেলতে পারে।"

 

জেলা বিএনপি সূত্র জানায়, দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় আপসহীন অবস্থানের অংশ হিসেবেই এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



সম্পর্কিত খবর