গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে ঘরে ঢুকে এক ব্যক্তিকে দড়ি দিয়ে বেঁধে নগদ টাকা ও মুঠোফোনসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করেছে একদল মুখোশধারী ডাকাত। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. জয়নাল আবেদীন (৫১) জানান, রাত ৩টার দিকে জরুরি প্রয়োজনে ঘরের দরজা খুললে ৪-৫ জন মুখোশধারী ব্যক্তি অতর্কিত ভেতরে ঢুকে পড়ে। তারা তাৎক্ষণিক তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে ডাকাত সদস্যরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি ও ব্যাগে থাকা নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। যাওয়ার সময় ঘটনাটি কাউকে না জানাতে তারা ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেয়।
ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিচার চেয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জয়নাল আবেদীন।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী খান বলেন, "ডাকাতির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এটি ডাকাতি নাকি অন্য কোনো ঘটনা, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"