খুলনা

সংস্কার বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ জয়ের বিকল্প নেই: ঝিনাইদহে জেলা প্রশাসক

নতুন ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠন ও রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে কোটচাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আয়োজিত এক তরুণ সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

জেলা প্রশাসক শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের দিনগুলোর কথা আমাদের স্মরণে রাখতে হবে। সংস্কার বাস্তবায়ন ও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত তৈরি করতে হবে।” ঝিনাইদহ জেলা প্রশাসন আয়োজিত এ সংলাপে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

 

সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, “সাম্য, মানবিক মর্যাদা ও সমতাভিত্তিক বাংলাদেশ গঠনে এই গণভোট একটি অনন্য সুযোগ। রাষ্ট্র সংস্কারের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

 

কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংলাপে অংশগ্রহণকারী তরুণ প্রজন্মের প্রতিনিধিরা গণভোট ও জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি, ভোটাধিকার প্রয়োগ এবং নির্বাচনকালীন দায়িত্ব নিয়ে সরাসরি অতিথিদের প্রশ্ন করেন।



সম্পর্কিত খবর