ঢাকা

সজনে পাতায় মিলবে নিরাপদ ও পুষ্টিকর ডিম, গাকৃবিতে খামারি প্রশিক্ষণ

নিরাপদ খাদ্য নিশ্চিত ও পোল্ট্রি খামারিদের আয় বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উচ্চ গুণসম্পন্ন ডিম উৎপাদন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের উদ্যোগে ইন্টারন্যাশনাল কমপ্লেক্সে আয়োজিত এ কর্মসূচিতে গাজীপুর সদর উপজেলার ৪০ জন খামারি অংশ নেন।

 

প্রশিক্ষণে সজনে পাতা (মরিঙ্গা), অ্যাজোলা ও ডিমের খোসার মতো অপ্রচলিত কিন্তু পুষ্টিগুণসমৃদ্ধ উপাদান ব্যবহার করে কীভাবে সাশ্রয়ী উপায়ে নিরাপদ ডিম উৎপাদন করা যায়, সে বিষয়ে তাত্ত্বিক ও হাতে-কলমে পাঠ দান করা হয়। আধুনিক খামার ব্যবস্থাপনা ও উৎপাদন ব্যয় হ্রাসের কৌশলগুলো খামারিদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

 

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ময়নুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। কোষাধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, “নিরাপদ ডিম উৎপাদন এখন সময়ের দাবি। অপ্রচলিত পুষ্টিকর খাদ্যের সঠিক ব্যবহার শুধু উৎপাদন বাড়ায় না, জনস্বাস্থ্যের সুরক্ষাতেও ভূমিকা রাখে।”

 

বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. মামুনুর রহমান। দ্বিতীয় পর্বে মূল আলোচক হিসেবে ডেইরি অ্যান্ড পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের খামারে নিয়ে সরাসরি প্রদর্শনীর মাধ্যমে খামারিদের আধুনিক কৌশলগুলো শেখান।

 

বক্তারা আশা প্রকাশ করেন, গবেষণালব্ধ এই প্রযুক্তি মাঠ পর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে দেশের পোল্ট্রি খাত আরও টেকসই ও লাভজনক হয়ে উঠবে।



সম্পর্কিত খবর