সম্মিলিত সার ডিলার নীতিমালা-২০২৫ অনুযায়ী প্রান্তিক পর্যায়ের কৃষকবান্ধব সকল বিএডিসি (BADC) বীজ ডিলারকে সার ডিলারে রূপান্তর এবং পূর্বের নীতিমালায় প্রদত্ত সুবিধা পুনর্বহালের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিএডিসি ডিলার্স অ্যাসোসিয়েশন, ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিএডিসি ডিলার্স অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় যুগ্মসচিব রিয়োজুল ইসলাম, রানীশংকৈল উপজেলা শাখার হায়দার আলী, পীরগঞ্জ শাখার আরিফ হোসেন, হরিপুর উপজেলার বীজ ডিলার সুলতান মাহমুদ, বালিয়াডাঙ্গী উপজেলার বীজ ডিলার শাহীন আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সরকারি পূর্বের নীতিমালায় বিএডিসি বীজ ডিলাররা সার ডিলারে রূপান্তরিত হওয়ার সুযোগ পেতেন। কিন্তু বর্তমান সরকারের প্রণীত নতুন সম্মিলিত সার ডিলার নীতিমালা ২০২৫-এ সেই সুযোগ বাতিল করা হয়েছে। এতে প্রান্তিক পর্যায়ের বীজ ডিলারদের পাশাপাশি প্রান্তিক কৃষকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তাই দ্রুত সময়ের মধ্যে কৃষকের ভোগান্তি কমাতে এবং সুবিধা বাড়ানোর লক্ষ্যে এই নীতিমালায় সংশোধন এনে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলারে রূপান্তরের সুযোগ পুনর্বহালের দাবি জানান তাঁরা।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে আয়োজকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।