রংপুর

সারজিস আলমের হলফনামা: নগদ ৩ লাখ টাকা, নেই বাড়ি-গাড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জমা দেওয়া হলফনামায় নিজের সম্পদের বিবরণ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। হলফনামার তথ্য অনুযায়ী, তার নামে কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট বা ব্যক্তিগত গাড়ি নেই; হাতে নগদ রয়েছে ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা।

 

আজ বুধবার (৩১ ডিসেম্বর) পঞ্চগড়-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহের পর তার দাখিলকৃত হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। হলফনামায় সারজিস আলম উল্লেখ করেছেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমা করা অর্থের পরিমাণ ১ লাখ টাকা। তার স্থাবর সম্পদের মধ্যে রয়েছে দানসূত্রে পাওয়া ১৬ দশমিক ৫০ শতক কৃষিজমি, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৫ লাখ টাকা দেখানো হয়েছে।

 

ব্যবসায়িক খাত থেকে তার বার্ষিক আয় ৯ লাখ টাকা। তবে ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে তিনি মোট আয় দেখিয়েছেন ২৮ লাখ ৫ হাজার টাকা এবং সম্পদ দেখিয়েছেন ৩৩ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা। যার বিপরীতে তিনি ৫২ হাজার ৫০০ টাকা আয়কর পরিশোধ করেছেন।

 

শিক্ষাগত যোগ্যতার কলামে সারজিস আলম স্নাতকোত্তর (মাস্টার্স) পাসের কথা উল্লেখ করেছেন। হলফনামায় আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রীর মূল্য দেখানো হয়েছে যথাক্রমে ৭৫ হাজার টাকা করে। তার নামে কোনো ঋণপত্র, বন্ড বা স্টক এক্সচেঞ্জের শেয়ার নেই। বর্তমানে তার বিরুদ্ধে একটি মামলা তদন্তাধীন রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।



সম্পর্কিত খবর