ঢাকা

স্বাক্ষর জালিয়াতির অভিযোগে নরসিংদী-৪ আসনে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করার অভিযোগে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) সংসদীয় আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী কাজী শরিফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কাজী শরিফুল ইসলাম তার মনোনয়নপত্র ফর্মে প্রস্তাবকারী হিসেবে এস এম তানজির আহমেদ তুষারের নাম ও স্বাক্ষর ব্যবহার করেন। তবে যাচাই-বাছাই শুরুর আগে তানজির আহমেদ সশরীরে উপস্থিত হয়ে তার স্বাক্ষর জাল করা হয়েছে মর্মে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় নির্বাচনী বিধিমালা অনুযায়ী ওই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

 

নরসিংদী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, "একজন প্রার্থীর প্রস্তাবকারী স্বশরীরে উপস্থিত হয়ে তার স্বাক্ষর জাল করার বিষয়ে লিখিত অভিযোগ করেন। জালিয়াতির প্রমাণ পাওয়ায় আমরা আইন অনুযায়ী ওই প্রার্থীর মনোনয়ন বাতিল করেছি। তবে সংক্ষুব্ধ প্রার্থী নির্বাচন কমিশন বরাবর আপিল করার সুযোগ পাবেন।"

 

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর নরসিংদী-৪ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কাজী শরিফুল ইসলাম ছাড়া বাকি ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

 

বৈধ প্রার্থীরা হলেন— সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল (বিএনপি), মো. ছাইফুল্লাহ প্রধান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মাওলানা মো. জাহাঙ্গীর আলম (জামায়াতে ইসলামী), আবু দার্দা মো. মাজ (জনতার দল), কাজী সাজ্জাদ জহির (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি), মোহাম্মদ নাসির উদ্দিন (খেলাফত মজলিস), মুহাম্মদ মিলন মিয়া (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ) এবং মো. কামাল উদ্দিন (জাতীয় পার্টি)।

 



সম্পর্কিত খবর