জাতীয়

১২তম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সংলাপ সম্পন্ন, সামরিক সহযোগিতা জোরদারে সিদ্ধান্ত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার ১২তম দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ ১০ থেকে ১১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত হয়েছে। ২০১২ সাল থেকে শুরু হওয়া এই নিয়মিত সংলাপের ধারাবাহিকতায় দুই দেশের সামরিক প্রতিনিধিদল এবারের সংলাপে অংশগ্রহণ করে।

 

এই প্রতিরক্ষা সংলাপটিকে দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংলাপে বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবিলা, শান্তিরক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ, পরিদর্শন, যৌথ অনুশীলন ও মহড়া এবং কর্মশালাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এই সংলাপের মধ্য দিয়ে বিদ্যমান সুসম্পর্ককে আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনী বিভাগ, অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকী এবং যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল সারাহ রুস।

 

বাংলাদেশের পক্ষে এই সংলাপে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপের মধ্য দিয়ে উভয় দেশের সামরিক সহযোগিতার ক্ষেত্রে উন্নতি সাধিত হবে এবং পারস্পরিক বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

 

 


সম্পর্কিত খবর