নরসিংদীর রায়পুরায় বিশেষ অভিযান চালিয়ে ১৪০ রাউন্ড সীসার গুলিসহ স্বপ্না আক্তার (৪২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মাহমুদাবাদ এলাকায় সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সেল থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাসের যাত্রী স্বপ্না আক্তারের কাছ থেকে ১৪০ রাউন্ড সীসার গুলি উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে পুলিশ।
আটক স্বপ্না আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় রায়পুরা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে উদ্ধার করা গুলিগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।