অর্থনীতি ও বাণিজ্য

কাতারে আরও কর্মী পাঠাতে আগ্রহী বাংলাদেশ

কাতারের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশটিতে দক্ষ ও আধা দক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। রোববার (১৫ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানির সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানানো হয়।

সাক্ষাৎকালে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলায়ফির পক্ষ থেকে দোহায় অনুষ্ঠেয় একটি সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণপত্র পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন কাতারের রাষ্ট্রদূত। এ সময় দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

 

 

বৈঠকে হুমায়ুন কবির বাংলাদেশ ও কাতারের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। দ্বিপক্ষীয় সহযোগিতার অনাবিষ্কৃত সম্ভাবনা কাজে লাগিয়ে বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। কাতারে দক্ষ ও আধাদক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়ে বাংলাদেশের আগ্রহের ওপরও জোর দেন। কাতারের অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি।

 

তিনি বলেন, বাংলাদেশি কর্মীরা নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও মর্যাদার সঙ্গে কাতারের অর্থনীতিতে অবদান রাখছেন।

এদিকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে কাতার সরকারের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সংকট নিরসনে কাতারের অব্যাহত সম্পৃক্ততাও কামনা করেন তিনি।

 



সম্পর্কিত খবর