খুলনা

কালীগঞ্জে রাতের আঁধারে চলছে চিত্রা নদী থেকে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব, প্রশাসন জানলেও নীরব ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন

ঝিনাইদহের কালীগঞ্জে রাতের আঁধারে চিত্রা নদী থেকে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব চলছে। দিনের আলো ফুরিয়ে অন্ধকার নেমে এলেই শুরু হয় যন্ত্রদানব ভেকু মেশিন দিয়ে মাটি কাটার হিড়িক। গভীর রাত পর্যন্ত উপজেলার তত্বিপুর, মাগুরা, পাঁচকাহুনিয়াসহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদী থেকে মাটি কাটছে একটি প্রভাবশালী সিন্ডিকেট।

এই মাটি ট্রাক্টরের মাধ্যমে স্থানীয় ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। গভীর রাতে ট্রাক্টরের বিকট শব্দে এলাকাবাসীর রাতের ঘুম হারাম হয়ে যায়। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। অভিযোগ রয়েছে, সিন্ডিকেটটি প্রশাসনকে ম্যানেজ করেই এই মাটি কাটছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মালিয়াট ইউনিয়নের গ্রামবাসী জানান, স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি এই মাটি কাটা ব্যবসার সঙ্গে জড়িত। ওই সিন্ডিকেটের সদস্য জামাল বিশ্বাস নামের এক ব্যক্তির মাধ্যমে স্থানীয় মডার্ন ইটভাটায় প্রায় দুই শ ট্রাক্টর মাটি বিক্রি করা হয়েছে। এলাকার প্রভাবশালীরাই মূলত এই সিন্ডিকেট পরিচালনা করে আসছেন বলে অভিযোগ রয়েছে।

এদের মধ্যে আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছেন। অভিযুক্তদের মধ্যে আব্দুল মজিদ, সংরক্ষিত নারী ইউপি সদস্যের ছেলে নাজমুল, হোসেন মাস্টার, সাজ্জাদ, বাবু, মাসুদ রানা, সোহান ও জাকির হোসেনসহ একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে।

অভিযোগের বিষয়ে ওই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হোসেন আলী মুন্সি জানান, তিনি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং এসব মাটির ব্যবসার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। অপর সম্ভাব্য প্রার্থী আব্দুল মজিদ শেখ বলেন, মাটির ব্যবসার সঙ্গে তাঁর জড়িত থাকার প্রশ্নই ওঠে না। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হবেন বলেই একটি মহল তাঁর সুনাম নষ্ট করতে অপপ্রচার চালাচ্ছে।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, রাতে নদী থেকে মাটি কাটা হচ্ছে—এমন বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন। জনবল সংকটের কারণে রাতে মাটি কাটা প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে বিষয়টি তিনি জেলা প্রশাসনের সভায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করেছেন। এ ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানা-পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। দিনের বেলায় মাটি কাটা হলে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হবে বলেও তিনি জানান।



সম্পর্কিত খবর