খুলনা

কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় ভাঙচুর ও ককটেল নিক্ষেপ

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের দুটি নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালীগঞ্জ শহরের ভূষণ স্কুল সড়ক ও হেলায় গ্রাম এলাকায় এ হামলা, মোটরসাইকেল ভাঙচুর এবং ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও প্রার্থীর পরিবার সূত্রে জানা গেছে, ৮-১০ জন সশস্ত্র দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে কার্যালয় দুটিতে হামলা চালায়। এসময় তারা আসবাবপত্র ও সেখানে থাকা ৪টি মোটরসাইকেল ভাঙচুর করে। হামলাকারীরা ককটেল নিক্ষেপ করলেও তা বিস্ফোরিত না হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের ভাই কাজলের অভিযোগ, প্রতিপক্ষ প্রার্থীর নির্দেশে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

 

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

ঘটনাস্থল পরিদর্শন শেষে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক বলেন, “নির্বাচনী পরিবেশ রক্ষায় কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষা কমিটির নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।



সম্পর্কিত খবর