ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সমর্থনে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ উপজেলায় নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কোলা বাজারে আয়োজিত এই সভায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাক্যাম্প স্থাপনের দাবি জানান বক্তারা।
বিকেল ৪টায় উপজেলার ২নং জামাল ও ৩নং কোলা ইউনিয়নবাসীর উদ্যোগে গণসংযোগটি শুরু হয়। মিছিলটি কোলা বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক মোড়ে সমাবেশে মিলিত হয়। এর আগে জামাল ইউনিয়নে প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।
সমাবেশে স্থানীয় বিএনপি নেতা শহিদুল ইসলাম ও ডা. নূরুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভোটাধিকার প্রয়োগই বড় শক্তি। আমরা সংখ্যালঘু সম্প্রদায়সহ সকল সাধারণ ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছি।” সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাঁরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, নির্বাচনের দিন ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাক্যাম্প স্থাপন জরুরি। জনগণের রায়ে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন তাঁরা।