ঝিনাইদহের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় যোগ দিতে আসার পথে প্রতিপক্ষের হামলায় তিন কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার রামচন্দ্রপুর ও উল্ল্যা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন—উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু বিশ্বাস, ঝিনাইদহ সদর উপজেলার সমসপুর গ্রামের শহিদুল ইসলাম ও ধনঞ্জয়পুর গ্রামের মো. আবু মিয়া। তাঁরা সবাই ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সমর্থক বলে জানা গেছে।
আহত আনোয়ার হোসেন জানান, বাইসাইকেলযোগে নির্বাচনী সমাবেশে যাওয়ার সময় একদল লোক লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। একইভাবে রামচন্দ্রপুর এলাকায় শহীদুল ও আবু মিয়ার ওপর হামলা করা হয়। আহতদের দাবি, এই হামলার সঙ্গে বিএনপি কর্মীরা জড়িত।
তবে অভিযোগ অস্বীকার করে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান বলেন, “আমি এলাকায় নতুন, এখনো সব কর্মী-সমর্থককে চিনি না। আমার কোনো কর্মী এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। এটি আমাদের বিরুদ্ধে অপপ্রচার।”
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর একাধিক দল ঘটনাস্থলে পৌঁছেছে। দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।