ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপন চন্দ্র রায় (৩০) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
শনিবার সকালে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ছোট খোচাবাড়ি এলাকার চব্বিশ টিউবওয়েল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন চন্দ্র রায় পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাঁকোয়া গ্রামের হরি প্রসাদ রায়ের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও-তে মাইক্রোক্রেডিট সেকশনের ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এনজিও কর্মী রিপন প্রতিদিনের মতো শনিবার সকালেও ক্ষুদ্রঋণের (মাইক্রোক্রেডিট) কিস্তি তোলার জন্য শহরের শান্তিনগর থেকে চব্বিশ টিউবওয়েল এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে আসা একটি মালবাহী ট্রাক তাঁকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান।
এ ঘটনার পর স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা ট্রাকটিকে ধাওয়া করলে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটিকে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ক্যাম্পের সামনে থেকে আটক করে ঠাকুরগাঁও মোটর মালিক সমিতির সামনে রাখা হয়।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাজাহান সড়ক দুর্ঘটনায় একজন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ হাইওয়ে থানা পুলিশের কাছে বুঝিয়ে দেওয়ার পর তাঁরা আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করবেন।