খুলনা

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জমি দিলে মিলবে নতুন ভবন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তাবিত নতুন ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। শনিবার সকাল ১১টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপস্থিত হয়ে নতুন ভবনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুন এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বাদল সাহা জানান, প্রস্তাবিত নতুন ভবন নির্মাণের জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে মসজিদ সংলগ্ন এলাকায় ২০ থেকে ৩০ ফুট প্রশস্ত জমি পাওয়া গেলে নতুন ভবনের অনুমোদন ও নির্মাণকাজ ত্বরান্বিত হবে।

এই সমস্যা নিরসনে সংসদ সদস্য মাওলানা আবু তালিব এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ স্থানীয়ভাবে সমঝোতার মাধ্যমে জমি দানের বিষয়ে সর্বাত্মক সম্মতি ও আশ্বাস প্রদান করেন।

এ সময় ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, “কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হলে এ অঞ্চলের সর্বস্তরের মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ আরও সম্প্রসারিত হবে। সাধারণ মানুষ যাতে ঘরের কাছেই সহজে উন্নত ও মানসম্মত চিকিৎসা পেতে পারেন, সে লক্ষ্যেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। এর ফলে স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবার সার্বিক মান বৃদ্ধি পাবে।”

অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, “কালীগঞ্জবাসীর দীর্ঘদিনের চিকিৎসাসেবার মানোন্নয়নের যে দাবি ছিল, এই উদ্যোগের মাধ্যমে তা বাস্তবায়িত হতে যাচ্ছে। জমি সংক্রান্ত যে বাধ্যবাধকতা রয়েছে, তা আমরা স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করার উদ্যোগ নিয়েছি। চিকিৎসাসেবার প্রসারে যা যা প্রয়োজন, আমরা তা করতে প্রস্তুত।”



সম্পর্কিত খবর