জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) বাংলাদেশ প্রধান প্রতিনিধি ইচিগুচি তমোহাইডে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গাজীপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। তিনি কৃষি গবেষণায় ইনস্টিটিউটের সাম্প্রতিক অগ্রগতি ও সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।
সকালে বারি সদর দপ্তরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন বিজ্ঞানীরা। এরপর মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বারির বর্তমান গবেষণা কার্যক্রম ও সাফল্য নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. বজলুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রশিক্ষণ ও যোগাযোগ পরিচালক ড. রেশমা সুলতানা।
মতবিনিময় সভায় জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তমোহাইডে বলেন, “কৃষি গবেষণায় বারির সক্ষমতা এবং সাফল্য অত্যন্ত আশাব্যঞ্জক। টেকসই কৃষি উন্নয়নে জাইকা ভবিষ্যতেও বাংলাদেশের সাথে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে।”
সভা শেষে তিনি ইনস্টিটিউটের বিভিন্ন উন্নত গবেষণাগার ও গবেষণা মাঠ সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তৈলবীজ পরিচালক ড. মো. মঞ্জুরুল কাদিরসহ বিভিন্ন বিভাগ ও শাখার জ্যেষ্ঠ বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। পরিদর্শনে তিনি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বারির উদ্ভাবিত নতুন জাত ও প্রযুক্তির ভূয়সী প্রশংসা করেন।