ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নম্বর সংসদীয় আসন খাগড়াছড়িতে প্রতিদ্বন্দ্বী ১১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে এই প্রতীক তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত প্রতীক বরাদ্দের বিষয়টি ঘোষণা করেন। প্রতীক পাওয়ার মধ্য দিয়েই পাহাড়ি এই জনপদে শুরু হলো আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।
প্রতীক পাওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আব্দুল ওয়াদুদ ভূঁইয়া (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. এয়াকুব আলী (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মিথিলা রোয়াজা (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. কাউসার (হাতপাখা), গণঅধিকার পরিষদের দীনময় রোয়াজা (ট্রাক), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নুর ইসলাম (আপেল), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির উশ্যেপ্রু মারমা (রকেট) এবং বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তাফা (হারিকেন)।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ধর্ম জ্যোতি চাকমা ‘ঘোড়া’, বিএনপির স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান ‘ফুটবল’ এবং জিরুনা ত্রিপুরা ‘কলস’ প্রতীক পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ১৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ১৫ জন জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই ও আপিল শুনানি শেষে ১৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে চূড়ান্তভাবে ১১ জন প্রার্থী এখন ভোটের লড়াইয়ে মাঠে থাকছেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত জানান, নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালানোর জন্য প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।