গাজীপুর মহানগরীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের মোগড়খাল এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ভুক্তভোগী হাবিব চৌধুরী এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য এবং জুলাই আন্দোলনের একজন সক্রিয় কর্মী। তিনি মোগড়খাল এলাকায় বসবাস করেন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, হাবিব চৌধুরী তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন। বিজ্ঞাপনের সূত্র ধরে সকালে দুই ব্যক্তি ক্রেতা সেজে তাঁর সঙ্গে যোগাযোগ করে মোগড়খাল এলাকায় আসেন। প্রায় এক ঘণ্টা পর্যবেক্ষণ শেষে একজন মোটরসাইকেলটি পরীক্ষামূলক চালানোর (টেস্ট ড্রাইভ) কথা বলে এতে আরোহণ করেন। ঠিক তখনই অপর ব্যক্তি হাবিব চৌধুরীকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে এবং মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। ধাওয়া করলে ছিনতাইকারীরা তাঁকে লক্ষ্য করে আরও এক রাউন্ড গুলি চালায়।
ঘটনার বর্ণনা দিয়ে হাবিব চৌধুরী বলেন, "মোটরসাইকেল কেনার কথা বলে তারা আমার সঙ্গে দেখা করে। হঠাৎ একজন গুলি ছুড়লে আমি কোনোমতে আত্মরক্ষা করি। তারা অস্ত্র উঁচিয়ে আমার বাইকটি নিয়ে পালিয়ে গেছে।"
এ ঘটনার নিন্দা জানিয়ে এনসিপির উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আলী নাছের খান বলেন, "এটি একটি পরিকল্পিত হামলা। জুলাই আন্দোলনের এক যোদ্ধাকে হত্যার উদ্দেশ্যে এই ফাঁদ পাতা হয়েছিল। আমরা ১২ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।"
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ছিনতাইকারীদের শনাক্ত করতে অভিযান চলমান রয়েছে।