চট্টগ্রাম প্রতিদিন

সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে র‌্যালি ও মানববন্ধন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সাধারণ শিক্ষকদের অংশগ্রহণে সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর ২০২৬) নোবিপ্রবি শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীনসহ শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন বলেন, ‘দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আজ এ কর্মসূচি পালন করছেন। এরই অংশ হিসেবে নোবিপ্রবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ছাত্র-জনতার অংশগ্রহণে দেশে একটি গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে, যার ফলে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা একটি নির্বাচন পেয়েছি। সেখানে দুই-তৃতীয়াংশ ম্যান্ডেট নিয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছে। সরকার সবার মতামতকে প্রাধান্য দিয়ে জাতীয় সংসদসহ প্রতিটি ক্ষেত্রে গণতান্ত্রিক বিধিব্যবস্থা পুনর্বহাল এবং একটি স্থিতিশীল পরিবেশ তৈরিতে সক্ষম হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তবে সম্প্রতি আমরা লক্ষ করছি যে একটি মহল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। এ ধরনের কর্মকাণ্ড আমরা সাধারণ শিক্ষকেরা মেনে নিতে পারছি না। দেশের শান্তিপ্রিয় জনগণ তাদের ম্যান্ডেটের মাধ্যমে রাজনৈতিক পালাবদল ঘটাবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু বিগত ১৭ বছর এ ধরনের কোনো গণতান্ত্রিক নির্বাচন আমরা প্রত্যক্ষ করিনি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ উত্তরণের পর চব্বিশের সেই পরাজিত শক্তি দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং মতপ্রকাশের নামে সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে। আপনাদের সৎ সাহস থাকলে জনগণের কল্যাণে কাজ করুন; জনগণই সিদ্ধান্ত নেবে এ রাষ্ট্র কাদের হাতে নিরাপদ।’

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ প্রসঙ্গে কোষাধ্যক্ষ বলেন, ‘এ বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে। এ শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করে কেউ যদি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে, তবে আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখব।’ বক্তব্যে তিনি মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকদের ধন্যবাদ জানান এবং দেশব্যাপী সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

নোবিপ্রবি ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী, আইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবিদুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান প্রমুখ।

 


সম্পর্কিত খবর