চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)-ভ্যাট।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্র জানায়, গত অক্টোবর মাসে এলটিইউ-ভ্যাট ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় করেছে।
গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা। সে হিসাবে গত অর্থবছরের অক্টোবরের তুলনায় চলতি অর্থবছরের অক্টোবরে ২ হাজার ১৮৫ কোটি ৭২ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।
প্রবৃদ্ধির হার ৩৪ দশমিক ৪৭ শতাংশ।
তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি অর্থবছরের আগের মাসগুলোতে রাজস্ব আদায়ে ৩০ শতাংশের বেশি ঋণাত্মক প্রবৃদ্ধি ছিল।
তবে অক্টোবরে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। যদিও অক্টোবর পর্যন্ত ১০ হাজার ৬৮৮ কোটি ৫৩ লাখ টাকার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি এলটিইউ-ভ্যাট, তবুও একক মাস হিসেবে এ রাজস্ব আদায় অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ।
এলটিইউ-ভ্যাটের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের অক্টোবর মাসে ৩ হাজার ৭৪৬ কোটি ২৫ লাখ টাকা, ২০২৩-২৪ অর্থবছরের একই মাসে ৫ হাজার ২৫২ কোটি ৮১ লাখ টাকা এবং ২০২৪-২৫ অর্থবছরের অক্টোবরে ৫ হাজার ৫৯১ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল।