গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া-র বিরুদ্ধে সরকারি চাকরি বিধি লঙ্ঘন, তথ্য গোপন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের নাগরিক শাহেদ আলম গত ১৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, গোলাম কিবরিয়া সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও তথ্য গোপন করে বেসরকারি পাসপোর্ট (নং A০১২৬৬৬১২) সংগ্রহ করেছেন, যা সরকারি চাকরি বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। অভিযোগকারীর দাবি, তিনি ২০২৪ ও ২০২৫ সালের বিভিন্ন সময়ে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই কানাডা সফর করেছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সর্বশেষ ২০২৫ সালের ১৯ জুন কানাডা সফরের সময় তিনি প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ৫৪ লাখ টাকা) সঙ্গে নিয়ে গিয়েছিলেন। কিবরিয়া নিয়মিত বিদেশ ভ্রমণের নামে বিপুল পরিমাণ অর্থ পাচার করে কানাডায় 'সেকেন্ড হোম' তৈরি ও ব্যবসায়িক বিনিয়োগ করেছেন।
মামলা ও প্রভাব: তাঁর বিরুদ্ধে সাড়ে ৭ হাজার কোটি টাকা পাচারের দুর্নীতির মামলা চলমান রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমন অভিযোগ থাকা সত্ত্বেও তিনি এখনো পদে বহাল থেকে প্রভাব খাটাচ্ছেন এবং যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
অভিযোগকারী শাহেদ আলম বলেন, "তিনি একজন সরকারি কর্মকর্তা হয়েও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিয়মিত বিদেশে যাচ্ছেন, যা সরকারি চাকরি বিধিমালার সরাসরি লঙ্ঘন এবং গুরুতর শাস্তিযোগ্য অপরাধ।"
গোলাম কিবরিয়াকে গাজীপুর সিটি কর্পোরেশনের একজন বিতর্কিত কর্মকর্তা হিসেবে উল্লেখ করে স্থানীয় সূত্রগুলো বলছে, তিনি দেশের সম্পদ বিদেশে পাচার করে কানাডায় স্থায়ী হওয়ার চেষ্টা করছেন।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান বলেন, "লিখিত অভিযোগটি প্রাথমিকভাবে যাচাই করা হয়েছে। প্রশাসক মহোদয় বিষয়টি নিয়ে অবগত আছেন। তথ্য গোপন করে বিদেশ যাত্রা শাস্তিযোগ্য অপরাধ, প্রমাণ মিললে বিভাগীয় তদন্তে পাঠানো হবে।"
এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মো. আমিন আল পারভেজ বলেন, "বিষয়টি সম্পর্কে অবগত আছি। অভিযোগ পাওয়ার পর তাকে শোকজ করা হয়েছিল এবং তিনি জবাবও দিয়েছেন। শোকজের প্রতিবেদনটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি।"
এ বিষয়ে অভিযুক্ত গোলাম কিবরিয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।