সিলেট

চুনারুঘাটে চালক মরতুজ হত্যা: দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিচার চেয়ে কাঁদলেন নিহত পিতার মেয়ে

হবিগঞ্জের চুনারুঘাট মধ্যবাজারে নৃশংসভাবে খুন হওয়া মো. আব্দুর রহিম মরতুজ (চালক)-এর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ট্রাক-সিএনজি শ্রমিক, পরিবহন মালিক, ব্যবসায়ী এবং এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে শুরু হওয়া মানববন্ধনে কয়েক শ নারী-পুরুষ অংশগ্রহণ করে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান।

 

মানববন্ধনে চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম বলেন, "এটি একটি নির্মম ও পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা দাবি জানাই—জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করা হোক।"

 

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী বলেন, "মানুষ আজ রাস্তায় দাঁড়িয়ে কান্না করছে। অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।" এছাড়া বিএনপি নেতা আব্দুল মতিন সরকার, শ্রমিক নেতা লোকমানসহ অন্যান্য বক্তারা এই জঘন্য অপরাধের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

 

 

মানববন্ধনের সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য ছিল নিহত মরতুজ চালকের মেয়ের আকুতি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "আমার বাবা ছিলেন আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী। তাকে হত্যা করে আমাদের নিঃস্ব করে দেওয়া হয়েছে। আমরা বিচার চাই—বাবার খুনিদের ফাঁসি চাই।"

 

 

ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই মৃদুল কুমার জানান, "ঘটনার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অজ্ঞাত আরও তিন-চারজন আসামি রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে, খুব শিগগিরই সবাই আইনের আওতায় আসবে।"

 

এদিকে, নিহত মরতুজ চালকের সহকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন—দ্রুত বিচার নিশ্চিত না হলে তাঁরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।



সম্পর্কিত খবর