হবিগঞ্জের চুনারুঘাটে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুই কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দেওরগাছ ইউনিয়নের রাজাপুর গ্রামে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন— উপজেলার রাজাপুর গ্রামের লিটন মিয়া (৩৩), জালাল মিয়া (৩০) ও হিরণ মিয়া (২৬)।
চুনারুঘাট আর্মি ক্যাম্প (১৩ ইবি) সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে রাজাপুর গ্রামে তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসিয়ে টহল পরিচালনা করছিল সেনাবাহিনী। এসময় হিরণ মিয়া নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি ইয়াকুব আলীর বিষয়ে তথ্য পাওয়া যায়। তবে অভিযানের খবর পেয়ে মূল অভিযুক্ত ইয়াকুব আলী পালিয়ে যান।
পরবর্তীতে সেনাবাহিনী ইয়াকুব আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার দুই সহযোগী লিটন ও জালালকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
চুনারুঘাট আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা ও মাদক নির্মূলে সেনাবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।