টপ নিউজ

দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কাবস্থায় দেশের ৫৩৮ ফায়ার স্টেশন

ঢাকা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের পূজামণ্ডপগুলোর অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫৩৮টি ফায়ার স্টেশন। পূজামণ্ডপের নিরাপত্তা পর্যবেক্ষণ ও যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।

 

 

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর কাজী আলাউদ্দীন রোডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।

 

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

মহাপরিচালক জানান, প্রতিবছরের মতো এবারও পূজামণ্ডপগুলোর অগ্নিনিরাপত্তা নিশ্চিতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পূজা চলাকালে সারা দেশে চালু থাকা ৫৩৮টি ফায়ার স্টেশন পূজামণ্ডপের অগ্নিনিরাপত্তা তদারক করবে এবং স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবে।

 

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা পূজামণ্ডপ পরিদর্শন করে অগ্নিঝুঁকি পর্যবেক্ষণ করবেন। ঝুঁকি নিরসনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি জরুরি প্রয়োজনে সহায়তার জন্য নিকটস্থ ফায়ার স্টেশনের তথ্য ও ১০২ নম্বর হটলাইন প্রচার করা হবে।

 

অস্থায়ী ফায়ার স্টেশনগুলোর পাশাপাশি সব বিভাগ, জেলা ও জোনের কর্মকর্তারাও সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবেন।

অগ্নিদুর্ঘটনা বা যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষসহ বিভাগীয় সব নিয়ন্ত্রণ কক্ষ ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানান মহাপরিচালক।

 

তিনি বলেন, প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে জনবল ও স্বেচ্ছাসেবক মোতায়েন রাখা হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রোড রেসকিউ সরঞ্জাম, অ্যাম্বুলেন্স এবং রাতে প্রয়োজনীয় ক্ষেত্রে লাইটিং ইউনিট প্রস্তুত রাখা হবে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনা করা যায়।

 

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, সচেতনতাই সুরক্ষা। তাই দায়িত্ব পালনের পাশাপাশি অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। 

 



সম্পর্কিত খবর