খুলনা

নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার বাসিন্দা প্রফুল্ল বিশ্বাসের কেনা জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার বিকেলে ভুক্তভোগী প্রফুল্ল বিশ্বাসের বাড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুর্গাপুর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন দুর্গাপুর এলাকার নয়ন বিশ্বাস, ছন্দা বিশ্বাস, বিপুল ঠাকুর, কামনা গাঙ্গুলী ও পিটোল গাঙ্গুলীসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বক্তারা অভিযোগ করেন, নড়াইল পৌরসভার দুর্গাপুর-ডুমুরতলা মৌজার সাবেক ২৭৭৫ এবং হাল ১৬২৮ নম্বর দাগের ১২ শতক জমি দখলের চেষ্টা চালানো হচ্ছে। দুর্গাপুর এলাকার বাসিন্দা বাপ্পা বেগ ও তাঁর সহযোগীরা জোরপূর্বক ওই জমি দখলের পাঁয়তারা করছেন। জমির মালিক প্রফুল্ল বিশ্বাস, তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও তাঁরা অভিযোগ করেন।

ভুক্তভোগী পরিবারের সদস্য নয়ন বিশ্বাস বলেন, “দুর্গাপুর এলাকার বাপ্পা বেগ এবং তাঁর সহযোগী তরুণ লস্কর দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাব খাটিয়ে প্রফুল্ল বিশ্বাসের জমি দখল ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। জমিতে পাকা ঘর নির্মাণে বাধা দেওয়া হয়েছে। পরিবারের নারী-শিশুসহ সদস্যদের জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে। জমিতে ঘর নির্মাণসহ স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাপ্পা বেগ দাবি করেন, ওই ১২ শতক তাঁর কেনা জমি। সেখানে প্রফুল্ল বিশ্বাসের কেনা তিন শতক জমি রয়েছে, কিন্তু জাল দলিল করে তিনি পুরো ১২ শতক জমি ভোগদখল করছেন। বাপ্পা বেগ আরও বলেন, “এই জমির পাশে আমার আরও জমি রয়েছে। আমি কারও জমি দখলের চেষ্টা করিনি, ঘর নির্মাণেও বাধা দেওয়া হয়নি। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি কোনো অন্যায় করলে শাস্তি মেনে নেব।”



সম্পর্কিত খবর