নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের পঞ্চম, অষ্টম ও এসএসসিতে বোর্ড বৃত্তিপ্রাপ্ত ২১ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া অভিভাবকদের অংশগ্রহণে মতবিনিময় সভা এবং কিশোরীদের মাঝে স্বাস্থ্য উপকরণ ও প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাহমুদুল হাসান অলিক ও সুদেব কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোজাফফর হোসেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নড়াইলের উপপরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন, সহকারী অধ্যাপক বিএম ফারুক আহমেদ, বিদ্যালয়ের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন শিকদার, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান বিশ্বাস, বিএম লিয়াকত হোসেন, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর, সাবেক ব্যাংকার কাজী শওকত আলী, সাংবাদিক জাহিদুল ইসলাম জাহাদ, শিক্ষক তসলিমুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ছয়জন, অষ্টম শ্রেণিতে ১০ জন এবং এসএসসিতে বোর্ড কর্তৃক বৃত্তিপ্রাপ্ত পাঁচজন শিক্ষার্থীকে এই সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া বিআরডিবির পক্ষ থেকে কিশোরী সংঘের সদস্যদের মাঝে স্বাস্থ্য উপকরণ ও প্রণোদনার চেক বিতরণ করা হয়।