চট্টগ্রাম প্রতিদিন

নবীনগরে আধুনিক প্রযুক্তি ও বিপণনে প্রশিক্ষণ পেলেন ৩০ কৃষি উদ্যোক্তা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষিকে লাভজনক ও টেকসই ব্যবসায় রূপান্তরের লক্ষ্যে তরুণ উদ্যোক্তাদের নিয়ে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে ৩০ জন উদ্যমী কৃষকের অংশগ্রহণে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।

 

কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে আয়োজিত এই প্রশিক্ষণে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উৎপাদন ব্যয় হ্রাস এবং বাজারমুখী কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীদের মানসম্মত বীজ ও সার ব্যবস্থাপনা, মাশরুম চাষ, অসময়ের সবজি উৎপাদন এবং জৈবসার তৈরির কৌশল হাতে-কলমে শেখানো হয়। এ ছাড়া কৃষি পণ্য বাজারজাতকরণে ডিজিটাল মার্কেটিং ও ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

সমাপনী অধিবেশনে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন। তিনি বলেন, "বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে কৃষকদের আধুনিক প্রযুক্তিতে পারদর্শী হতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা কৃষিকে কেবল জীবনধারণের মাধ্যম নয়, বরং একটি লাভজনক পেশা হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন।"

 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, কৃষকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। সফল প্রশিক্ষণার্থীদের উৎসাহ দিতে তাঁদের পছন্দ অনুযায়ী প্রয়োজনীয় উপকরণ ও প্রদর্শনী সামগ্রী প্রদান করা হবে।

 

প্রশিক্ষণে অংশ নেওয়া তরুণ উদ্যোক্তা রাজিব জানান, আধুনিক চাষাবাদ ও খরচ-লাভ বিশ্লেষণের এই শিক্ষা মাঠপর্যায়ে প্রয়োগ করে তাঁরা উৎপাদন ও আয় বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবেন। কর্মশালায় উপজেলা কৃষি সম্প্রসারণ ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর