ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, প্রচলিত আইনে দেশে শান্তি আসবে না; দুর্নীতি ও অপশাসন বন্ধ করতে হলে শরিয়াহ ভিত্তিক শাসন ব্যবস্থা প্রয়োজন। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের দলীয় প্রার্থী নজরুল ইসলাম নজুর সমর্থনে আয়োজিত এই সভায় চরমোনাই পীর বলেন, “বিগত সরকারগুলোর মতো জেল-জুলুম এবং বিদেশে টাকা পাচার বন্ধ করতে হলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার বিকল্প নেই।” তিনি আরও দাবি করেন, তারা ২৭৮টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জনগণের সমর্থনে দেশ পরিচালনা করতে চান। বক্তব্যে তিনি অন্য একটি ইসলামী দলের নাম উল্লেখ না করে তাদের আদর্শিক অবস্থান নিয়েও সমালোচনা করেন।
সভায় সংসদ সদস্য প্রার্থী মুহা. নজরুল ইসলাম নজু নবীনগরকে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
ইসলামী আন্দোলন নবীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা জসিমউদ্দিন সরকারের সভাপতিত্বে জনসভায় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান ও সহকারী মহাসচিব আহম্মদ আব্দুল্লাহ ইউসুফসহ জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকে ভোট দিয়ে ইসলামী বিপ্লবে শরিক হওয়ার জন্য নবীনগরবাসীর প্রতি আহ্বান জানান।