দেশের খবর

নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লাশের সারি

নাটোরের বড়াইগ্রামে আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন যাত্রী।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। হতাহতদের বেশিরভাগই বাসযাত্রী।

এর আগে ভোর সাড়ে ৪টার সময় বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে নয়জন ও হাসপাতালে নেওয়ার পর বাকি পাঁচজন মারা গেছেন। তবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক ( এসআই)  মো. আলমগীর হোসেন ও নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নয়জনের লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে আহতদের মধ্যে পাঁচজন মারা গেছেন। এদিকে নিহতদের মধ্যে দুই যানবাহনের চালক রয়েছেন। ঘটনার পরপরই নাটোর-পাবনা মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার খবর পেয়ে নাটোর জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবুল হায়াতসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

 



সম্পর্কিত খবর