আসন্ন সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া-সদর একাংশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদকে বর্ণাঢ্য গণসংবর্ধনা দিয়েছে দলীয় নেতাকর্মীরা। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নড়াইল চৌরাস্তা এলাকার জেলা বিএনপি কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন তিনি। সম্প্রতি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর জেলা শহরে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর।
এর আগে দুপুরে ঢাকা থেকে লোহাগড়ায় পৌঁছালে হাজারো নেতাকর্মী তাঁকে স্বাগত জানান। সেখান থেকে শোভাযাত্রা সহকারে তিনি জেলা শহরের দলীয় কার্যালয়ে আসেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে ড. ফরহাদ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে যান।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ড. ফরহাদ বলেন, “তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই যিনি আমার ওপর আস্থা রেখেছেন। আমার রাজনীতি প্রতিহিংসার নয় বরং ঐক্যের। আমি নড়াইল-২ আসনের মানুষের অধিকার আদায়ে কাজ করতে চাই। নির্বাচিত হলে সংসদের প্রতিটি পদক্ষেপে জনগণের কাছে জবাবদিহি করব।”
উল্লেখ্য, ড. ফরিদুজ্জামান ফরহাদ জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২৪ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন এবং নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন নিশ্চিত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, টিপু সুলতান, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান ও জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাসসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।