পঞ্চগড় প্রেসক্লাবে শনিবার (৩১ জানুয়ারি) সকালে ‘সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল’ বিষয়ক দিনব্যাপী এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাংবাদিকদের সংবাদ লিখনশৈলী ও কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সরকার হায়দার। দিনব্যাপী এই আয়োজনে সাংবাদিকতার বুনিয়াদি বিষয়, সংবাদ লেখার কলাকৌশল এবং প্রতিবেদন উপস্থাপনার বিভিন্ন কারিগরি দিক নিয়ে আলোচনা করেন সিনিয়র সাংবাদিকরা।
কর্মশালায় সংবাদ লেখার বুনিয়াদি বিষয় নিয়ে আলোচনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি সফিকুল আলম সফিক। এ ছাড়া ভাষা ও কৌশল বিষয়ে এসএ মাহমুদ সেলিম, সাংগঠনিক দক্ষতা নিয়ে এ রহমান মুকুল এবং আচরণগত দিক নিয়ে রাজিউর রহমান রাজু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। কৃষি ও প্রকৃতি বিষয়ক সাংবাদিকতা নিয়ে সামসউদ্দীন চৌধুরী কালাম এবং টেলিভিশন সাংবাদিকতা বিষয়ে লুৎফর রহমান সেশন পরিচালনা করেন।
আয়োজনের শেষ পর্বে অংশগ্রহণকারী সাংবাদিকরা স্থানীয় সাংবাদিকতার সমস্যা ও সম্ভাবনা নিয়ে গ্রুপ ভিত্তিক আলোচনায় অংশ নেন। বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জেলার উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।