খুলনা

বেনাপোল বন্দরে নিষিদ্ধ ট্যাবলেটসহ ভারতীয় ট্রাকচালক আটক

বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনালে অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ভারতীয় ট্রাকচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে বন্দরের অভ্যন্তরে এই অভিযান পরিচালিত হয়।

 

আটক চালকের নাম আনার গাজী (৪২)। তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার মনিগ্রাম সুকপুর গ্রামের হাজরা গাজীর ছেলে।

 

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ ছিদ্দিকী জানান, ভারত থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকে মাদকের চালান প্রবেশের গোপন খবরে বিজিবি সদস্যরা তল্লাশি চালায়। এসময় কার্গো ভেহিক্যাল টার্মিনালে অবস্থানরত ওই ট্রাকের চালকের সিটের নিচ থেকে বিশেষ কায়দায় লুকানো ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।

 

বিজিবি অধিনায়ক আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আটক ভারতীয় নাগরিক এবং জব্দকৃত মাদকের চালানটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”

 

স্থলবন্দর সূত্র জানায়, ভারত-বাংলাদেশ বাণিজ্যের সুযোগ নিয়ে নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।



সম্পর্কিত খবর