খুলনা

বেনাপোল স্থলবন্দরে কেমিক্যাল শেডের নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষের কঠোর ৭ নির্দেশনা

বেনাপোল স্থলবন্দরের কেমিক্যাল শেডে রাখা পণ্য দ্রুত অপসারণ এবং রাসায়নিক দ্রব্যের নিরাপদ ব্যবস্থাপনার জন্য কঠোর সাতটি নির্দেশনা বাস্তবায়নের আদেশ দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) ও উপসচিব মোঃ শামীম হোসেন স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে এই নির্দেশনা প্রদান করা হয়।

 

নির্দেশনায় বলা হয়েছে, কেমিক্যাল শেডগুলোতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে সংরক্ষিত নিলামযোগ্য মেয়াদোত্তীর্ণ ও পরিত্যক্ত পণ্য দ্রুত অপসারণ করতে হবে। পণ্য সংরক্ষণের ক্ষেত্রে স্টোরেজ নীতিমালা ও সেফটি ডাটাশিট গাইডলাইন কঠোরভাবে অনুসরণ করতে হবে। এছাড়া ভারতীয় ট্রাকচালকদের যত্রতত্র রান্না করা বন্ধ করে তাঁদের জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। কেমিক্যাল শেডসহ বন্দরের সব এলাকায় প্রবেশের সময় নিরাপত্তা গেটে চেকিংয়ের মাধ্যমে লাইটার, ম্যাচ বক্স ও দেশলাইয়ের মতো অগ্নিপ্রজ্জ্বলনে সহায়ক সরঞ্জাম বহন নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশ অমান্য করে কেউ বন্দর এলাকায় ধূমপান বা রান্না করলে তাঁকে আইনের আওতায় আনা হবে।

 

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কেমিক্যাল শেড এলাকা (শেড নম্বর ৩২-৩৫) ও টিটিআই ইয়ার্ডে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এই এলাকাগুলোতে সার্বক্ষণিক নজরদারির জন্য আনসার ও নিরাপত্তাকর্মীদের সমন্বয়ে পৃথক দুটি যৌথ টহল টিম গঠন করা হয়েছে। ফায়ার শাখা নিয়মিতভাবে পুরো বন্দর এলাকায় টহল পরিচালনা করবে এবং প্রয়োজনে যৌথ টহল টিমকে সহায়তা প্রদান করবে।

 

বন্দর সূত্র জানায়, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের একটি নির্দেশনার প্রেক্ষিতে গত ১৫ ডিসেম্বর এক চিঠির মাধ্যমে বেনাপোল স্থলবন্দরে এই আদেশ জারি করা হয়। পরিচালক (ট্রাফিক) মোঃ শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।



সম্পর্কিত খবর