ইতালির বাণিজ্যিক ও পর্যটন নগরী ভেনিসে প্রথমবার একক কনসার্ট করতে আসছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বালাম। আগামী ২৭ জুন ভেনিসের মেস্রেতে (Mestre) এই কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রিয় শিল্পীর আগমনকে কেন্দ্র করে ভেনিস ও এর আশপাশের শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ভক্তদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা দিয়েছে।
গত ১৪ জুন ইতালির রাজধানী রোমে একটি সফল শো করার পর এবার ভেনিস মাতাতে আসছেন বালাম। উল্লেখ্য, ভেনিসে বর্তমানে ২০ হাজারেরও বেশি বাংলাদেশি বসবাস করছেন। দীর্ঘদিন পর প্রিয় শিল্পীকে কাছ থেকে দেখার ও তার গান শোনার অপেক্ষায় এখন প্রহর গুনছেন স্থানীয় প্রবাসীরা।
বালাম নিজেও ভেনিসের ভক্তদের গান শোনাতে উন্মুখ হয়ে আছেন বলে জানা গেছে।
Balam
কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ‘Deshi Event Abgen’-এর কর্মকর্তা হোসাইন আহমেদ মোয়াজ জানান, কনসার্টটি সফলভাবে সম্পন্ন করতে এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
তিনি আরো জানান, কনসার্টের সিংহভাগ টিকিটই অনলাইনে বিক্রি হয়ে গেছে। টিকিট না পেয়ে অনেকেই আয়োজকদের সঙ্গে যোগাযোগ করছেন।
তবে যারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেননি, তাদের হতাশ না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। অনুষ্ঠান শুরুর আগে ভেন্যু (অনুষ্ঠানস্থল) থেকে কর্তৃপক্ষের কাছ থেকে সরাসরি টিকিট সংগ্রহ করা যাবে।