রংপুর

ফ্যাসিস্ট আওয়ামী লীগের নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ

ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টি এবং অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ এনে এর প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা জজ আদালত চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে শেরেবাংলা পার্ক চত্বরে গিয়ে শেষ হয়।

জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন এবং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমির মাওলানা ইকবাল হোসাইন।

জামায়াতে ইসলামীর পৌর সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড়ের সভাপতি আবুল বাশার বসুনিয়া এবং বোদা উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য সফিউল্লাহ সুফি।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ও সাবেক উপাধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দীন, জেলা কর্মপরিষদ সদস্য আশরাফুল আলম, আব্দুল বাসেত, আরিফুর রহমান, হাড়িভাষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম, কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান, পঞ্চগড় পৌর আমির মনিরুল ইসলাম এবং সাবেক পৌর আমির জয়নাল আবেদীন।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতা চালাচ্ছে এবং ব্যবসাপ্রতিষ্ঠান, থানা ও অফিসে ভাঙচুর করে অগ্নিসংযোগ করছে। এ সময় বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর এবং দ্রব্যমূল্য ও তেল-গ্যাসের দাম কমানোর দাবি জানান।

বিক্ষোভ মিছিলে পঞ্চগড় সদর উপজেলা ও পৌর এলাকার নেতাকর্মীরা অংশ নেন।

 


সম্পর্কিত খবর