খুলনা

কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এদিন সকাল ১০টায় পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

বক্তব্যে তিনি প্রাণিসম্পদের গুরুত্ব তুলে ধরে বলেন, এ দপ্তরের মাধ্যমে কাজ করে অনেকেই স্বাবলম্বী হতে পারছেন। এসব উদ্যোক্তা ও খামারিদের জন্য সরকার সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে। এ ছাড়া সভায় তিনি বর্তমানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারি ও বিরোধী দলের সব মানুষকে সজাগ থাকার আহ্বান জানান।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সভায় আরও বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জিল্লু রাইন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবর রহমান মিনি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, বিএনপি নেতা মাহবুবুর রহমান মিলন, রেজাউল ইসলাম ও ছাত্রদল নেতা মারুফ বিল্লাহ প্রমুখ। বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে তা যথাযথভাবে পালনে সবার প্রতি আহ্বান জানান।

 


সম্পর্কিত খবর