ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারের ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা পরিষদ চত্বরে দ্বিতল এ ভবন নির্মাণে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করা হচ্ছে। এছাড়া নবনির্মিত ভবনের সামনে থাকা একটি বড় মেহগনি গাছ নিয়মবহির্ভূতভাবে কেটে সরিয়ে ফেলারও অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, ভবনের জলছাদ ঢালাইয়ের জন্য নিম্নমানের খোয়া নির্মাণস্থলে রাখা হয়েছে। পাশাপাশি ভবনের চারপাশের গাঁথুনি ও ড্রেন নির্মাণেও নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করছেন শ্রমিকরা।
কোরীয় অর্থায়নে নির্মিত এ ভবনের কাজে অনিয়মের খবর পেয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব নির্মাণকাজ পরিদর্শনে যান। এ সময় তিনি অভিযোগের সত্যতা পান বলে জানান এবং সংশ্লিষ্টদের কাজের শিডিউল অনুযায়ী নির্মাণকাজ করার নির্দেশ দেন।
ভবন নির্মাণকাজের দায়িত্বে থাকা কনস্ট্রাকশন ম্যানেজার শিপন মল্লিক বলেন, ‘নিয়ম অনুযায়ী কাজ হওয়ার কথা। কোথাও নিয়মের ব্যত্যয় ঘটে থাকলে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, নির্মাণকাজের দায়িত্বশীলদের অনিয়মের বিষয়টি জানানো হয়েছে। তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, সরকারি কাজে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নির্মাণকাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি ও অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।