ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্তে ইছামতী নদী থেকে জুয়েল রানা (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে নদীর বাংলাদেশ অংশে কচুরিপানার ভেতর ভাসমান অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।
নিহত জুয়েল রানা খোশালপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বেলা ১১টার দিকে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ অভ্যন্তরে মাঠে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন জুয়েল। আজ সকালে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে খবর দিলে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে। নদীর পাশের একটি ক্ষেত থেকে নিহতের শার্ট ও প্যান্ট উদ্ধার করা হয়েছে।
৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, "নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সীমান্তে কোনো ধরনের গোলাগুলির ঘটনা ঘটেনি।"
তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। জুয়েল রানার মা অভিযোগ করেন, তাঁর ছেলে কয়েকদিন ধরে গ্রামের তিন যুবকের সঙ্গে সীমান্ত এলাকায় যাতায়াত করত। ঘটনার দিন ওই তিনজনের মধ্যে দুইজন বাড়িতে ফিরলেও জুয়েল ফেরেননি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।"