অর্থনীতি ও বাণিজ্য

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। আগামী সপ্তাহের শেষ নাগাদ কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনে সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। রোববার বিকেল সোয়া ৪টায় অধিবেশন শুরু হয়।

 

 

এতে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আতিকুর রহমান মুজাহিদ বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বর্তমানে সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এই সমস্যার সমাধান কবে হবে এবং কবে নাগাদ মালয়েশিয়ায় স্বাস্থ্য পরীক্ষা শুরু করে কর্মী পাঠানো যাবে, তা মানুষ জানতে চায়। নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকা খরচে কর্মীরা যেতে পারবেন কি না, তা তদারকির জন্য আলাদা সংসদীয় কমিটি গঠন করা যায় কি না, সে বিষয়েও তিনি জানতে চান।

জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, আগামীকালই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হবে। আগামী সপ্তাহের শেষ নাগাদ কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

মন্ত্রী বলেন, কর্মী পাঠানোর খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। এর বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে এবং সরকারি ব্যবস্থার বাইরে কোনো অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 



সম্পর্কিত খবর