ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের দুটি আসনে জামায়াতে ইসলামীর আলোচিত প্রার্থী ডা. মো. মোসলেহ উদ্দিন ফরিদসহ সাতজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনে ঋণ ও ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতার কারণে জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়নপত্রটি বাতিল হয়। একই আসনে বিএনপির দুই প্রার্থীর দলীয় মনোনয়নপত্র জমা না দেওয়া এবং একজন স্বতন্ত্র প্রার্থীর ভোটার তথ্যে গরমিল থাকায় তাদের আবেদনও নাকচ করা হয়েছে।
অন্যদিকে যশোর-১ (শার্শা) আসনে দলীয় মনোনয়নপত্রের অভাব এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি থাকায় আরও তিনজনের প্রার্থিতা বাতিল করা হয়। এছাড়া দুই সংসদীয় আসনে চারজন প্রার্থীর তথ্যগত ঘাটতি থাকায় তাদের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রেখে হালনাগাদের সুযোগ দেওয়া হয়েছে।
যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান বলেন, "যাচাই-বাছাইয়ে ত্রুটি থাকায় সাতজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে সংক্ষুব্ধ প্রার্থীরা বিধি অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। আগামী ৪ জানুয়ারির মধ্যে জেলার সব আসনের যাচাই-বাছাই সম্পন্ন হবে।"
প্রার্থিতা বাতিলের বিষয়ে ডা. মো. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, "আমার ক্রেডিট কার্ড সংক্রান্ত সমস্যাটি ইতিমধ্যে সমাধান করা হয়েছে। আমি নির্বাচন কমিশনে আপিল করব এবং আশা করছি প্রার্থিতা ফিরে পাব।"