নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে দুই মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার রাতে এবং বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।
আদালত সূত্র জানায়, মাদক সেবন করে পরিবারের লোকজনের ওপর অত্যাচার করছেন—এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়গাছা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গ্রামের ইনছের আলীর ছেলে শাহ নেওয়াজকে নিজ বাড়িতে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, বুধবার রাতে উপজেলার রাজাপুর পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের শুকবর আলীর ছেলে জিল্লুর রহমানকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাবিলা ইয়াসমিন।