নওগাঁর রাণীনগরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (রাইডো)-এর দুই বছর পূর্তি উদযাপন ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও কেক কাটার আয়োজন করা হয়। এছাড়া দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে প্রাইজমানি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। বৃহস্পতিবার রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এবং রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. কাজল হোসেন। প্রতিযোগিতায় আর্বিটারের দায়িত্ব পালন করেন রাণীনগর আল-আমিন দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক সানোয়ার জাহান আল মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, “স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে রাইডো শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে, যা প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ তরুণদের মাদকাসক্তির ঝুঁকি থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখছে। পাশাপাশি রাইডোর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে রাণীনগর উপজেলা সবার সামনে ইতিবাচকভাবে উপস্থাপিত হচ্ছে।”
তিনি সংগঠনটির দুই বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।