খুলনা

লোহাগড়ায় স্কুল পরিচালকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন

নড়াইলের লোহাগড়া উপজেলার লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক মেহেদী হাসানের বিরুদ্ধে ১৯ লাখ টাকা আত্মসাৎ ও অব্যবস্থাপনার অভিযোগে মানববন্ধন করেছেন শিক্ষক, কর্মচারী ও অভিভাবকেরা। আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দীননাথপাড়া বাজারে বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে পরিচালক মেহেদী হাসান এককভাবে বিদ্যালয় পরিচালনা করছেন। গত সাত বছরে বিদ্যালয়ের আয়কৃত প্রায় ১৯ লাখ টাকার কোনো হিসাব পাওয়া যাচ্ছে না। এছাড়া শিক্ষকদের নিয়মিত বেতন-ভাতা না দিয়ে তিনি অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তোলা হয়।

 

বিদ্যালয়টির শিক্ষক তানিয়া খানম অভিযোগ করে বলেন, "আমি দীর্ঘদিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করলেও আমাকে কোনো কারণ ছাড়াই পদ থেকে সরিয়ে পরিচালকের স্ত্রীকে সেই পদে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের ন্যায্য পাওনা থেকেও বঞ্চিত করা হচ্ছে।" মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষক মিলন জমাদ্দার মিন্টু, সাবিয়া খাতুন, রূপা খানমসহ স্থানীয় অভিভাবকেরা।

 

তবে সব অভিযোগ অস্বীকার করে পরিচালক মেহেদী হাসান বলেন, "আমি নিজের অর্থায়নে বিদ্যালয়টি গড়ে তুলেছি। শিক্ষকদের বেতন ও অবকাঠামো উন্নয়নসহ যাবতীয় খরচ আমিই বহন করি। একটি মাধ্যমিক বিদ্যালয়ে আমার চাকরি হওয়ায় নিয়ম মেনেই নতুন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। স্বার্থান্বেষী একটি মহল ব্যক্তিগত আক্রোশ থেকে মিথ্যা ষড়যন্ত্র করছে।"



সম্পর্কিত খবর