খুলনা

শার্শায় বিএনপির বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

যশোর-১ (শার্শা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে শার্শা মিনি স্টেডিয়ামে উচ্চশব্দে মাইক ব্যবহার করে সমাবেশ ও গণসংযোগ করার অভিযোগে স্থানীয় ভোটার ইদ্রিস আলী এই অভিযোগ দাখিল করেন।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার দিকে মফিকুল হাসান তৃপ্তি তার বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে শার্শা মিনি স্টেডিয়ামে সমবেত হন। এসময় উচ্চশব্দে মাইক বাজিয়ে তিনি সমাবেশ ও গণসংযোগ পরিচালনা করেন এবং তার অনুসারীরা স্লোগান দেন। জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী, নির্ধারিত সময়ের আগে এ ধরনের প্রকাশ্য সভা বা মিছিল পরিচালনা নিষিদ্ধ।

 

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোট গ্রহণের তিন সপ্তাহ আগে কোনো প্রার্থী জনসভা, মিছিল কিংবা ডিজিটাল মাধ্যমে কোনো প্রকার প্রচার-প্রচারণা চালাতে পারবেন না। তফসিল ঘোষণার পর প্রচারণার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া থাকলেও এই বিদ্রোহী প্রার্থীর এমন কর্মকাণ্ডে স্থানীয় সাধারণ ভোটার ও রাজনৈতিক মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

 

এ বিষয়ে জানতে চাইলে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, "বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না, তা যাচাই করে দেখা হচ্ছে। আমি ইতোমধ্যেই বিষয়টি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।"

 



সম্পর্কিত খবর