খুলনা

কৃষকের বাড়িতে দুঃসাহসিক চুরি, সর্বস্ব হারিয়ে স্ত্রীর আহাজারি

ঝিনাইদহের কালীগঞ্জে এক কৃষকের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বহিরগাছি গ্রামের কৃষক নূর হোসেনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক নূর হোসেন জানান, তাঁর স্ত্রী শিউলি খাতুন ক্যানসারের রোগী। গত শুক্রবার তিনি চিকিৎসক দেখাতে যশোরে গিয়েছিলেন। সেখান থেকে বাড়িতে না ফিরে তাঁরা কলারোয়ায় মেয়ের বাড়িতে যান।

তিনি আরও জানান, ঘটনার রাতে তাঁরা কেউই বাড়িতে ছিলেন না। রোববার সকালে বাড়িতে এসে দেখেন ঘরের তালা ভাঙা এবং রুমের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা আলমারি ও ওয়ারড্রব ভেঙে দুই ভরি সোনা, তিন ভরি রুপার গহনা এবং নগদ ২০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এ সময় সর্বস্ব হারানোর শোকে দরিদ্র কৃষকের স্ত্রী কান্নায় ভেঙে পড়েন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, ওই কৃষকের বাড়িতে চুরির ঘটনাটি তাঁর জানা নেই। এ বিষয়ে কেউ কোনো অভিযোগও দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 


সম্পর্কিত খবর