"মাদককে না বলি, সুস্থ-সুন্দর সমাজ গড়ি"—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী গণজমায়েত হয়েছে। সোমবার সকালে উপজেলার আউশিয়া গ্রামের বটতলা বাজারে এই গণজমায়েতের আয়োজন করে স্থানীয় বিএনপি।
জমায়েতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান। পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, ওসি হুমায়ুন কবির মোল্যা, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, জেলা বিএনপির সহসভাপতি রাকিবুল হাসান খান দিপু, জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মুক্তাদির আলম, পৌর কৃষকদলের আহ্বায়ক হাফিজুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম এবং পৌর যুবদলের সদস্যসচিব আজিজুর রহমান। এ ছাড়া সমাবেশে পৌর এলাকার কয়েক শ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে জানিয়ে বক্তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।